চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে আহত কর্মকর্তার দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দেন।
এর আগে বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর গুরুতর আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আরও জানান, দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
