গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাওন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলের হ্যান্ডেল থেকে দুই হাত ছেড়ে চালানোর চেষ্টা করলে তিনি নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় গুরুতর আহত শাওনকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, তিনি শাওনকে দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর পাশাপাশি ভিডিও করতে দেখেছেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারিক রনি বলেন, শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে ভিডিও তৈরি শুরু করেন। চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে ভিডিও বানানো তার নিয়মিত অভ্যাস ছিল বলে জানান তিনি। পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন শাওন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে শাওনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
