BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে যশোরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। একই সঙ্গে সদস্যদের জানমালের নিরাপত্তা এবং মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) যশোর প্রেস ক্লাবে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের সভাপতি মো. শামসুজ্জামান মিলন। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. রেজাউল করিম। আরও বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক ফিরোজ মেহেদী, সদর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরামপুর থানা সভাপতি ডা. জাহিদ হাসান ও নারী সম্পাদক ফারহানা আক্তার ইলা।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। বক্তাদের বিরুদ্ধে সংগঠনটির সদস্যদের হুমকি এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার আহ্বান জানানোর অভিযোগও করা হয়।

হেযবুত তওহীদের পক্ষ থেকে দাবি করা হয়, ওই সমাবেশে প্রশাসনের দেওয়া বিভিন্ন শর্তও যথাযথভাবে মানা হয়নি। পাশাপাশি ফটিকছড়িতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেওয়া ৯ দফা দাবির ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

বক্তারা আরও দাবি করেন, এসব বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সংগঠনটির সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, এর আগেও পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের গ্রামের বাড়িতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংগঠনটির দুজন সদস্য নিহত এবং শতাধিক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে নোয়াখালীতে হেযবুত তওহীদের স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পও নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।

বক্তারা দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। তাদের ভাষ্য অনুযায়ী, তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটি উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। এ সময় সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বহু মামলা হলেও গত ৩১ বছরে কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে উসকানি ও ফতোয়া দেওয়ার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য বন্ধ করা, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও উন্নয়নমূলক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনটির মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।

এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সংবিধান, আইনের শাসন ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনেরও অনুরোধ জানানো হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »