BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আমাদের বাঁচান ভাই-স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশির শেষ আকুতি

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমনই আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ। পরিবারের ভাগ্য বদলাতে মাত্র দুই মাস আগে স্পেনে পাড়ি জমিয়েছিলেন ২৭ বছর বয়সী এই তরুণ। দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি পাওয়ার মাত্র দুই দিনের মাথায় মাদ্রিদের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তিনি।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। তিনি স্পেনে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো ডেলিভারির জন্য সাইকেল আনতে ওই গ্যারেজে গিয়েছিলেন ইউসুফ। সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই গ্যারেজের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ছড়িয়ে পড়ে ঘন ও বিষাক্ত ধোঁয়া।

এ সময় ইউসুফসহ তিন কর্মী গ্যারেজের ভেতরে আটকা পড়েন। আগুন ও ধোঁয়ার মধ্যে শ্বাস নিতে না পেরে ইউসুফ সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্যের আকুতি জানান। তার সেই শেষ বার্তাই এখন পরিবারের কাছে সবচেয়ে হৃদয়বিদারক স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।

খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং গ্যারেজ থেকে বিষাক্ত গ্যাস অপসারণ করা হয়।

তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় তার অন্য দুই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের চেষ্টা ও অপেক্ষার পর ইউসুফ কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি পাওয়ার মাত্র দুই দিন পরই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। ইউরোপে নতুন জীবন শুরু করে পরিবারের সুদিন ফেরানোর যে স্বপ্ন নিয়ে তিনি স্পেনে গিয়েছিলেন, তা আর পূরণ হলো না।

চলতি বছরের জুনে ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ। মাত্র কয়েক মাসের মধ্যেই তার আকস্মিক মৃত্যুতে গাজীপুরের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে গভীর বিষাদ।

পরিবার এখন তাদের প্রিয় ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো স্বজনদের কাছে দাফনের ব্যবস্থা করার অপেক্ষায় রয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »