BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনা বাড়ানোর মাধ্যমে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, খণ্ডিত তথ্য বা বক্তব্যের ভুল ব্যাখ্যা থেকেই অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে এসব ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব।

দায়িত্ব গ্রহণের পর রোববার (২৩ আগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, অনেক সময় কোনো বক্তব্য সরাসরি ও স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছায় না। আবার বক্তব্যের কোনো একটি অংশ খণ্ডিতভাবে প্রচার হলে সেটি ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। ফলে সেখান থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। তবে পারস্পরিক যোগাযোগ ও আলোচনা যত বাড়বে, এসব বিভ্রান্তি ততই দূর হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘অনেক সময় একই কথা সরাসরি ও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব না হলে, কিংবা কোনো বক্তব্যের খণ্ডিত অংশ মানুষের কাছে পৌঁছালে সেটি ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। তবে পারস্পরিক যোগাযোগ ও আলোচনা যত বাড়বে, কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।’

হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের সমালোচনা ও আপত্তির বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামের সঙ্গে সহাবস্থান এবং ধর্মীয় মূল্যবোধের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

তিনি জানান, শুধু ইসলাম ধর্মের আলেমদের সঙ্গেই নয়, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের সঙ্গেও তিনি যোগাযোগ করবেন। সরাসরি গিয়ে তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানোর চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথিতযশা বিভিন্ন মতের ওলামায়ে কেরাম যারা আছেন, তাদের সকলের সহাবস্থান এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে। শুধু ইসলাম না, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ বা ধর্মীয় গুরু আছেন, তাদের সকলের কাছে আমি যাব। টুকটাক যে বিভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে।’

উল্লেখ্য, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তাঁর নিয়োগের বিষয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে গত ২১ আগস্ট বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। সংগঠনটি সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়।

হেফাজতের দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে একটি সংবেদনশীল ও বিশেষায়িত মন্ত্রণালয় উল্লেখ করে সংগঠনটি ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে।

তবে এসব সমালোচনা ও আপত্তির পর নতুন ধর্ম প্রতিমন্ত্রী সরাসরি আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ভুল বোঝাবুঝি দূর করার ওপর জোর দিয়েছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »