BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কঙ্গোর স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯!

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুল ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। আগুনে প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করলে সেখানে পদদলনের ঘটনাও ঘটে। এ ঘটনায় আহত ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে দুটি স্কুল ও আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভু শহরের চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন দুটি স্থানীয় স্কুল এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে। এতে উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের একটি বসতিতেও।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, আগুন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ার পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। নিহতদের মধ্যে আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে অনেকেই স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এ সময় পদদলনের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে। তিনি এএফপিকে বলেন, পদদলনের ঘটনায়ও কয়েকজনের মৃত্যু হয়েছে।

আগুন ও ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে জানিয়েছেন, দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘরও আগুনে পুড়ে গেছে। এতে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এএফসি/এম২৩ মুখপাত্র কানিউকা আরও জানিয়েছেন, ঘটনায় আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির রাজধানী কিনশাসাভিত্তিক সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা দ্রুত মূল্যায়ন করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহান্তে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পদদলনের ঘটনাতেও কয়েকজন নিহত হন। পরপর দুটি দুর্ঘটনার পর দেশটির সরকার জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশজুড়ে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »