গুগলের নতুন এআই ওভারভিউস ফিচারটি এবার বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। রোলিং স্টোন, ভ্যারাইটি ও বিলবোর্ডের মতো বিশ্বখ্যাত প্রকাশনার মালিক ‘পেনস্কে মিডিয়া করপোরেশন’ (পিএমসি) গুগলের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, গুগল অনুমতি ছাড়াই তাদের কনটেন্ট ব্যবহার করে এআই সার্চের ফলাফল তৈরি করছে, যা তাদের পাঠক ও আয় কমিয়ে দিচ্ছে।
ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দায়ের করা মামলায় পিএমসি দাবি করেছে, গুগলের এআই ফিচারটি ব্যবহারকারীদের সরাসরি উত্তর দেখিয়ে দেয়। ফলে পাঠকরা আর মূল ওয়েবসাইটে প্রবেশ করেন না। এতে তাদের ওয়েবসাইটের ট্রাফিক এবং বিজ্ঞাপন থেকে আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। পিএমসি জানিয়েছে, তাদের প্রায় ২০ শতাংশ সার্চ ফলাফলে এখন এআই ওভারভিউস দেখানো হচ্ছে এবং চলতি বছর তাদের অ্যাফিলিয়েট আয় এক-তৃতীয়াংশেরও বেশি কমে গেছে।
তবে গুগল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। গুগলের মুখপাত্র হোসে ক্যাস্তানেদা বলেন, “আমরা এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালাব। এআই ওভারভিউস বিভিন্ন ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতেও সহায়তা করে।”
এটিই প্রথম কোনো বড় মার্কিন প্রকাশনা সংস্থা, যারা গুগলের এআই ওভারভিউস ফিচার নিয়ে সরাসরি আদালতে গেল। এর আগে শিক্ষাবিষয়ক প্রযুক্তি সংস্থা ‘চেগ’ একই ধরনের অভিযোগ তুলে গুগলের বিরুদ্ধে মামলা করেছিল।
মূলত, কনটেন্ট ব্যবহার নিয়ে এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রকাশকদের আইনি লড়াই এটিই প্রথম নয়। গত বছর চ্যাটজিপিটির বিরুদ্ধে একই ধরনের মামলা করেছিল প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস।
