ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, পণ্য ও কাঁচামাল ক্রয় এবং সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদানের লক্ষ্যে আজ রবিবার (১৬ আগস্ট) এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এর যৌথ উদ্যোগে ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণ কর্মশালা’র আয়োজন করা হয়।
ওয়াইডব্লিউডিআরসি এর বনশ্রীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও ব্যবসায়িক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সহজবোধ্য, কার্যকর ও প্রয়োগযোগ্য ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ মডিউল পর্যালোচনা করে তা চূড়ান্ত করা।
প্রস্তুতকৃত এই প্রশিক্ষণ মডিউলটি কর্মশালায় উপস্থাপন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেটের নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ। মডিউলটি প্রণয়নে সহযোগিতা করেছেন নারী উন্নয়ন শক্তির স্বেচ্ছাসেবী জারিন তাসনিম। কর্মশালায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
সভাপতির বক্তব্যে ড. আফরোজা পারভীন বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা টেকসই ও লাভজনকভাবে পরিচালনার জন্য শুধু উৎপাদন ও বিক্রয় সম্পর্কে জ্ঞান থাকা যথেষ্ট নয়। এর পাশাপাশি পণ্য ও কাঁচামাল সংগ্রহ, উপযুক্ত সরবরাহকারী নির্বাচন, মূল্য নিয়ে আলোচনা, মজুত ব্যবস্থাপনা, পরিবহন এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের মতো বিষয়গুলোতেও বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, একটি বাস্তবভিত্তিক ও সহজবোধ্য প্রশিক্ষণ মডিউল ক্ষুদ্র উদ্যোক্তাদের সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার বিভিন্ন অধিবেশনে বক্তব্য ও নিজেদের মতামত তুলে ধরেন ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের মিডিয়া সেক্রেটারি সেলিনা খাতুন, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী সদস্য আব্দুল মোমিন, ক্ষুদ্র ব্যবসায়ী হাসনাত জাহান হাসি ও মনোয়ারা বেগমসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ মডিউলের বিভিন্ন দিক, প্রশিক্ষণ পদ্ধতি, বাস্তব উদাহরণ, নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনার প্রয়োগযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের দেওয়া মতামত ও সুপারিশের ভিত্তিতে মডিউলের বিষয়বস্তুকে আরও সহজ, ব্যবহারিক ও উদ্যোক্তাবান্ধব করার জন্য প্রয়োজনীয় সংশোধনী ও পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও চাহিদা বিবেচনা করে মডিউলটিকে চূড়ান্ত করা হয়েছে, যার মাধ্যমে তারা পণ্য ও কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, উপযুক্ত সরবরাহকারী নির্বাচন, মূল্য যাচাই, দরকষাকষি, ক্রয় পরিকল্পনা, মজুত নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক ব্যয় ও অপচয় কমানো সম্পর্কে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন। এই চূড়ান্ত মডিউলটি ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
