কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পরপর দুই মাস বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুন মাসেও তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন।
এ উপলক্ষে পটুয়াখালীর জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন
বরিশাল বিভাগের ছয় জেলার ৪২টি উপজেলার মধ্যে গলাচিপা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের অগ্রগতির ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৫১৯টি, যা শতকরা ১২১ শতাংশ। একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। সেখানে সম্পন্ন হয়েছে ২৬৯টি নিবন্ধন, যা শতকরা ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গড় অগ্রগতির হার দাঁড়িয়েছে ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
