বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে লুথারান হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি) স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সেবাগ্রহীতাদের আস্থা আরও বাড়িয়ে তুলেছে।
১৯৯৫ সালে মা ও শিশু স্বাস্থ্যসেবা দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে নারী ক্ষমতায়ন, জীবিকায়ন, সক্ষমতা উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এটি এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
২০২৩ সালে নির্বাহী পরিচালক হিসেবে ড. গ্রেনার মারাক দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে নতুন গতি এসেছে। কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় বৃদ্ধি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে।
হাসপাতালে ল্যাব আধুনিকায়ন, ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি সেবা সম্প্রসারণ, অপারেশন থিয়েটারে আধুনিক সরঞ্জাম সংযোজন, উন্নত ফার্মেসি চালু এবং ক্যান্টিন স্থাপন করা হয়েছে।
গত জুন মাসে প্রায় ১,২০০ রোগী এখানে চিকিৎসাসেবা নিয়েছেন এবং অনেকেই সেবার মানে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এলএইচসিবি এখন এলাকার একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হচ্ছে।
