ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মার্কিন নাগরিকদের ক্ষোভের সমালোচনা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে ‘অসম্মানজনক’ ও ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ। এর আগে ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু মার্কিন নাগরিকদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমেরিকানদের ক্ষোভের সমালোচনা করেন।
নেতানিয়াহুর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাওয়াইয়ের ডেমোক্রেটিক সিনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এই যুদ্ধকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আমাদের ক্ষোভের সমালোচনা করে নেতানিয়াহুর সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দেওয়া অত্যন্ত অসম্মানজনক এবং বিরক্তিকর একটি বার্তা।’
এদিকে, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হোয়াইট হাউসে ইসরায়েলের এর চেয়ে বড় বন্ধু আর কখনো ছিল না।’
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের নির্বাচনের আগে ট্রাম্পের এই সমর্থন একদিকে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক গুরুত্ব বহন করছে, অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি ব্যয় নিয়ে দেশটির রাজনীতিতে বিতর্ক আরও সামনে নিয়ে এসেছে।
তথ্যসূত্র: আলজাজিরা।
