BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নামাজের সেজদায় গিয়ে প্রাণ গেল ইমামের

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজের সেজদায় গিয়ে মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

আতাউল্লাহ ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর আর ওঠেননি। পরে মুসল্লিরা তাকে সেখানেই মৃত অবস্থায় দেখতে পান।

নিহত আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করেছেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। বাবার একমাত্র সন্তান আতাউল্লাহ ছিলেন দুই সন্তানের জনক।

স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজার মসজিদে ইমামতি করে আসছিলেন তিনি। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের কাছে তিনি ছিলেন প্রিয়।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, পরিবারের একমাত্র সন্তান হওয়ায় আতাউল্লাহ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। অল্প বয়সে এভাবে চলে যাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »