BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নালিতাবাড়ীতে চুরির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তে পুলিশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে এক অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। চুরির দায় স্বীকার করা এক যুবকের জবানবন্দি পরিবর্তনের জের ধরে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে কয়রাকুড়ি গ্রামের অটোরিকশা চালক খলিলুর রহমান সপরিবারে পার্শ্ববর্তী ভটপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে রাত ১০টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের একটি ড্রয়ারের তালা খুলে কে বা কারা নগদ ২০ হাজার টাকা এবং আট আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

পরবর্তীতে এ ঘটনা নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলে একই এলাকার চাঁন মিয়ার ছেলে সোহান (১৯) চুরির কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় মাতব্বরেরা বিভিন্ন স্থানে প্রথমে স্বর্ণালঙ্কার ও পরে বিক্রি করা টাকা খোঁজার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে চুরির ঘটনায় রাকিব নামের এক যুবকের সম্পৃক্ততার কথা বলে সোহান। তবে রাকিবের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সোহান তার সুর পাল্টে স্যানিটারি মিস্ত্রি মুক্তার হোসেনের নাম বলে।

মুক্তার হোসেনের নাম আসার পর স্থানীয় কিছু লোক তাকে চুরির টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দিতে চাপ দেন বলে অভিযোগ উঠেছে। তবে মুক্তার হোসেন এই চুরির অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে গত ১৭ জুলাই খলিল ও মুক্তারের পরিবারের মধ্যে ঝগড়া বাধে। অভিযোগ রয়েছে, এ সময় খলিল তার বাড়িতে মুক্তারের মা রহিমা বেগম ও খালা ফরিদা বেগমকে আটকে রাখেন।

এই ঘটনার পর মুক্তার হোসেন বাদী হয়ে খলিল ও তার পরিবারের বিরুদ্ধে মারধর এবং আটকে রাখার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। এর পাল্টা হিসেবে খলিলুর রহমানও বাদী হয়ে মুক্তার ও সোহানের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন।

চুরির ঘটনা নিয়ে এলাকায় বর্তমানে নানামুখী আলোচনা চলছে। মুক্তার হোসেনের দাবি, তিনি নির্দোষ এবং স্থানীয় একটি মহল তাকে ফাঁসিয়ে খলিলুর রহমান ও তার কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ভুক্তভোগী খলিলুর রহমান জানান, প্রথমে সোহান নিজের সম্পৃক্ততার কথা বললেও পরে সে মুক্তারের নাম জানিয়েছে। সোহানের জবানবন্দি অনুযায়ী তিনি মুক্তারকে চোর হিসেবে সন্দেহ করছেন।

ভুক্তভোগী খলিল বলেন, “আমার বাড়িতে চুরির পর আমি কাউকে সন্দেহ করতে পারছিলাম না। একপর্যায়ে সোহান নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে প্রথমে রাকিব এবং পরে মুক্তারের নাম বলেছে।”

মুক্তার হোসেন বলেন, “আমার আর্থিক অবস্থা সচ্ছল দেখে আমাকে ফাঁসানোর জন্য একটি মহল কাজ করছে। তারা সোহানকে ব্যবহার করে আমার কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছে। আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না।”

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, এ বিষয়ে উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -