BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে বাংলাদেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার কোনো সুযোগ জনগণ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা সফল হবে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, যারা মনে করছেন বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, তারা এখনো দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

বোমা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সরকার অবগত রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কারা কীভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

গত প্রায় নয় মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, এ সময়ে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি সরকার। একই সঙ্গে পুলিশের বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে।

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে আসাদুজ্জামান বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। তাই সাংবাদিকদের মানুষের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান-মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই সাংবাদিকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, সরকারের কোনো ভুল বা কর্মকাণ্ডে নেতিবাচক দিক থাকলে তা সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে। এমনকি সেই সমালোচনা তাঁর নিজের বিরুদ্ধে গেলেও কোনো সমস্যা নেই। তবে সরকারের ভালো কাজগুলোর চিত্রও গণমাধ্যমে প্রকাশ করা প্রয়োজন।

মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয়ও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। এ সময় ফোরামের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »