মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)তে “Understanding Climate Change & Climate Finance: National & International Perspective.” বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।
আইকিউএসি সেল এর পরিচালক ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো”র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ ।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি আমাদের অর্থনীতি, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ উন্নয়নের ওপর সরাসরি প্রভাব ফেলছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। এজন্য আমাদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
উপাচার্য তার বক্তব্যে দেশে থ্রি-হুইলার ব্যাটারির অপরিকল্পিত লেড সংগ্রহ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির উপর একটি ভিডিও তৈরি করে সবার উদ্দেশ্যে তুলে ধরেন।
প্রধান অতিথি আরও বলেন, আমি আশা করি, আজকের কর্মশালায় বিশেষজ্ঞদের মূল্যবান মতামত ও সুপারিশের মাধ্যমে আমরা জলবায়ু অর্থায়নের আরও কার্যকরী মডেল তৈরি করতে পারব। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সফলতা বয়ে আনবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ডিএমডি ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ । প্রশিক্ষণটির স্পন্সর ছিলেন পল্লী কর্ম সংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।