বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা–জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও সামান্য আহত হন।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগম হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান এবং তার ডান পা ভেঙে যায়।
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি রাস্তার ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হন।
এদিকে, গুরুতর আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
