BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ফেসবুকের পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২ পক্ষের সংঘর্ষ!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমির মালিকানা ও ইউপি সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট দেওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাহবাজপুর মুন্সিহাটি এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেতা শাহীন আলমের বড় ভাই হাজি বিল্লাল মিয়ার সঙ্গে একই এলাকার ইলিয়াস মিয়া ও আওলাদ হোসেনের লোকজনের ১ দশমিক ৮১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর পাশাপাশি সরাইলের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি পোস্ট দেওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

মঙ্গলবার সকালে ওই উত্তেজনার জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বর্তমান ইউপি সদস্য মালেক মিয়াসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ইউপি সদস্য মালেক মিয়ার অভিযোগ, সকালে বিল্লাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও অন্যরা আহত হন।

অন্যদিকে ইলিয়াস মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে তারা ইতোমধ্যে আইনের আশ্রয় নিয়েছেন। তার দাবি, বিল্লাল মিয়ার বাড়ির অংশে তাদের প্রায় চার হাত জায়গা রয়েছে।

হাজি বিল্লাল মিয়ার ছেলে আশরাফুল আলম পাভেল বলেন, জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ রয়েছে। তবে গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার পর আজ তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় বিএনপি নেতা শাহীন আলম বলেন, সংঘর্ষে তার হাতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »