বগুড়ার সদর উপজেলায় সাইফুল ইসলাম নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর উপজেলার আশোকোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, রাতে স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। পথে আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
ওই তিন যুবকের সঙ্গে সাইফুল ইসলামের পূর্বপরিচয় ছিল। এ কারণে প্রথমে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে কথাবার্তার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে ওই তিন যুবক সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
হত্যাকাণ্ডের কারণ কী এবং পূর্বপরিচিত ওই তিন যুবকের সঙ্গে সাইফুল ইসলামের কী নিয়ে বিরোধ হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
