চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে এই সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কিছুটা সংকট রয়েছে। এটি একটি জাতীয় সংকট। তবে মাত্র ছয় মাসের বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন-সংগ্রাম করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”
বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনার এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি।”
আগামী পাঁচ বছরে দেশকে একটি উন্নত ও মানসম্মত জায়গায় নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে নুরুল হক নুর বলেন, “পাঁচ বছরে সবকিছু পুরোপুরি রাতারাতি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যের দিকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।”
দুর্নীতি দমন ও সরকারি জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, “বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা কঠোরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং সর্বসাধারণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এলাকাভিত্তিক প্রয়োজন অনুযায়ী প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
