প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দিতে গিয়ে সংসদ সদস্যদের করতালি ও শুভেচ্ছা পান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দেওয়া শেষে তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরপর নিজের ভোট দিতে সংসদ কক্ষে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট দিতে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট দেওয়া শেষে তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম।
জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন ব্যালটে হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিচ্ছেন।
দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জাতীয় সংসদ কক্ষে ব্যালট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
