রাকিবুজ্জামান (রাকিব) দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়নের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে উদ্যোগ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে আলীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সড়ক সংস্কার কার্যক্রম শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, খলিসাখালী গুলবুনিয়া বাজার থেকে আলীপুর কলেজ পর্যন্ত সড়কের অন্তত ১০টিরও বেশি স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারী ও যানবাহনের চালকরা। এতে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়ে যাচ্ছিল।
স্থানীয় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ২নং আলীপুর ইউনিয়ন শাখা যৌথভাবে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গর্তগুলো ভরাট ও চলাচল উপযোগী করতে কাজ করছেন সংগঠনের নেতাকর্মীরা।
সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলাম মনির মুন্সি, সংগঠনের সাবেক সভাপতি আলহাজ মো. আলআমিন, সভাপতি মো. আনোয়ার হোসেন মুন্সি, সেক্রেটারি গাজী মো. হোসেন মাস্টার, ইসলামী যুব আন্দোলন দশমিনা উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মো. বাহাউদ্দীন নোমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি আব্দুস সালাম গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপস্থিত নেতারা জানান, জনস্বার্থে এই ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
