BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

​মির্জাগঞ্জে ডাকাতি রোধে জিরো টলারেন্স ঘোষণা ও নৈশ পাহারার তাগিদ ওসির

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় পুলিশ ও সাধারণ জনগণের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক বিট পুলিশিং সভায় তিনি অপরাধ দমনে পুলিশের এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

​বক্তব্যে ওসি তৌহিদুজ্জামান স্পষ্ট জানান, ডাকাতির মতো অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। ঘটনা গোপন বা এড়িয়ে না গিয়ে সরাসরি আইনি ব্যবস্থা নিতে থানা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে অপরাধ সম্পূর্ণ নির্মূলে জনগণের সরাসরি সম্পৃক্ততা আবশ্যক উল্লেখ করে তিনি পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
​উপজেলার নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি জানান, প্রায় ৩ লাখ জনসংখ্যার এই বিশাল অঞ্চলে দায়িত্ব পালনের জন্য মাত্র ৮২ জন পুলিশ সদস্য রয়েছেন, যা নিরাপত্তার জন্য অত্যন্ত অপ্রতুল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও আবাসিক এলাকায় স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং চৌকিদারদের সমন্বয়ে নৈশ পাহারা কমিটি গঠনের তাগিদ দেন।
​পাশাপাশি সনাতন পদ্ধতির ওপর নির্ভর না করে তথ্যপ্রযুক্তি (আইটি), সিসিটিভি ও আধুনিক ডিজিটাল উপকরণের ব্যবহারের মাধ্যমে দ্রুত অপরাধীদের চিহ্নিত করার আশ্বাস প্রদান করেন তিনি। একই সাথে এলাকার নিরাপত্তার স্বার্থে ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের এই পাহারা ব্যবস্থা তদারকি ও পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানান।

​মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আইউব খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ কাওছার আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আতাহার উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফারুক এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ​দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জলিল হোসেন তালুকদার।

এছাড়াও ইউপি সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার সুধীজন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »