মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
দিবসটির প্রধান কর্মসূচি হিসেবে বিকেলে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।
সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু, ইমাম হোসেন নাসির খন্দকার, পটুয়াখালী মিডিয়া সেলের প্রধান কাজল খন্দকারসহ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের নাসির উদ্দিন হাওলাদার, মোঃ মিজানুর রহমান সুজন হাওলাদার, মোঃ বাবুল মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সোহেল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ইলিয়াস সিকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন,সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন
ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “বিএনপি জনগণের অধিকার আদায়ের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের সবাইকে মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং আমাদের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
