মল্লিক মাকসুদ আহমেদ মির্জাগঞ্জ প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও এলাকার চিহ্নিত পেশাদার ডাকাত রুহুল আমিন ওরফে বাবুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত রুহুল আমিন বাবু (৩৮) মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের শ্রীনগরের মৃত আব্দুল খালেক হাওলাদার (ওরফে লম্বা খালেক)-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুহুল আমিন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পটুয়াখালীর মির্জাগঞ্জ, বরগুনার বেতাগী এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। তার অপরাধের খতিয়ানে রয়েছে বেতাগী থানায় ১টি হত্যা মামলা,১টি দস্যুতা (ছিনতাই) মামলা,১টি ডাকাতির প্রস্তুতি মামলা,১টি মাদক মামলা,পেনাল কোড ৩৭৯ ধারায় মির্জাগঞ্জ ও বরিশাল কোতোয়ালি থানায় দায়েরকৃত ৭টি চুরির মামলা।
পুলিশ জানায়,তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল।
আসামিকে বিধি মোতাবেক যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।