সাইকেলে চেপে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালনের লক্ষ্যে ব্যতিক্রমী যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। হাজার হাজার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেওয়ার এই দুঃসাহসিক উদ্যোগে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। এর আগে সাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ এবং মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দেওয়ার রেকর্ডও রয়েছে তার।
সজিব তালুকদার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।
সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার এই সফরের মূল উদ্দেশ্য। সৌদি আরব পৌঁছাতে তাকে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অতিক্রম করতে হবে।
সজিব জানান, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার তিনি এই অভিযানে বের হয়েছেন।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই সাইকেল চালিয়ে হজে যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই যাত্রা শুরু করেছি। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
এটি অবশ্য সজিবের প্রথম দীর্ঘ সাইকেলযাত্রা নয়। এর আগে তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এছাড়া মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে পাড়ি দিয়ে অনন্য রেকর্ড গড়েছেন বলেও জানা গেছে।
বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু বলেন, সজিব শুধু বেলাবোর নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন। এর আগেও তিনি ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে রেকর্ড গড়েছেন। এবারও তিনি সফলভাবে গন্তব্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার ছেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “বাবা হিসেবে তার এই মহৎ ইচ্ছাকে আমি সানন্দে স্বাগত জানিয়েছি। সে যেন সহি-সালামতে পুরো পথ পাড়ি দিয়ে হজ শেষ করে আমাদের বুকে ফিরে আসতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চাই।”
বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই সাহসিক সিদ্ধান্ত প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তির এটি একটি দারুণ দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল হোক—উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য শুভকামনা রয়েছে।
