BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাংবাদিক দম্পতি রূপা-শাকিলকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ!

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য পাওয়ার দাবি করে তাদের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তারা কারাগারে থাকায় সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে দুদকের এই আদেশ তাদের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের নথি অনুযায়ী, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রূপার নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

দুদকের পরিচালক (বিষয় ও তদন্ত-২) স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে নির্ধারিত ফরমে তাদের সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। শাকিল আহমেদের জন্য ০০৭২১৩ এবং ফারজানা রূপার জন্য ০০৭২১৪ নম্বর সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়েছে।

দুদক আইন, ২০০৪-এর ২৬ ধারার উপধারা (১)-এর অধীনে অর্পিত ক্ষমতাবলে এসব আদেশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে কিংবা মিথ্যা তথ্য দিয়ে বিবরণী দাখিল করলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথাও আদেশে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে দুদকের কনস্টেবল মো. জুয়েল মিয়া তাদের ঠিকানায় যান। তবে সেখানে তাদের না পাওয়ায় আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেওয়া হয়।

পরে দুদক জানতে পারে, শাকিল আহমেদ তেজগাঁও থানায় পুলিশের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

এ অবস্থায় কারাগারে থাকা অবস্থাতেই তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় দুদক। শাকিল আহমেদের জন্য জারি করা আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে পৌঁছে দেওয়ার অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট শাখার নথিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন কারা কর্তৃপক্ষের মাধ্যমে সাংবাদিক দম্পতির কাছে দুদকের সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া এগোবে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »