গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে ৮ বছরের এক শিশুকে হত্যার ভয় দেখিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে।
জানা গেছে, পরিবারের আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে পাশের এলাকার একটি পরিবার শিশুটিকে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরে অর্থ-সম্পদের প্রলোভনে রাজি হন শিশুটির মা-বাবা। একপর্যায়ে কাজী ডেকে এক যুবকের সঙ্গে শিশুটির বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
শিশুটির ভাষ্য, বিয়েতে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এমনকি বিষ খাইয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। তাকে বলা হয়, ছেলের পরিবার অনেক সম্পদশালী এবং সেখানে গেলে তার জীবন সুখের হবে।
শিশুটি জানায়, শুক্রবার (১৪ আগস্ট) তাকে স্বামীর বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। বিষয়টি বুঝতে পেরে রোববার (১৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশী নানার বাড়িতে আশ্রয় নেয় সে।
প্রতিবেশী মামা শরিফুল ইসলাম বলেন, শিশুটি এসে পুরো ঘটনা জানালে তারা হতবাক হয়ে যান। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে শিশুটির মা-বাবার বাড়িতে গেলে তাদের আসার খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। এরপর বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম জানান, খবর পাওয়ার পর ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তার আগেই শিশুটির মা-বাবা অভিযুক্ত যুবককে নিয়ে পালিয়ে যান। শিশুটিকে আপাতত নিরাপদে প্রতিবেশী নানার বাড়িতে রাখা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া জানান, শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাল্যবিয়ের সঙ্গে জড়িত কাজীকে শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটির মা-বাবাকেও খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
