কৃষকদের জন্য বড় ধরনের ঋণমওকুফের ঘোষণা দিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। সমবায় ব্যাংক থেকে নেওয়া ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ পুরোপুরি মওকুফ করা হবে। আর ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি এবং ১ লাখ রুপির বেশি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিধানসভায় এই ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
তামিলনাড়ুর কৃষকদের জন্য এটিকে বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, নতুন এই ঋণমওকুফ কর্মসূচিতে কৃষকদের জন্য সরকার অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে।
মুখ্যমন্ত্রী বিজয় বিধানসভায় জানান, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কৃষকদের পাশে দাঁড়াতে সরকার এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করছে। তাঁর দাবি, কৃষকদের আর্থিক চাপ কমানো এবং কৃষিখাতকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে কৃষকদের জন্য প্রথম দফায় ঋণমওকুফের ঘোষণা দিয়েছিল তামিলনাড়ু সরকার। সে সময় ৫০ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়। পরে সেই সুবিধা বাড়িয়ে ৭৫ হাজার রুপি পর্যন্ত ঋণ পুরোপুরি মওকুফ এবং ৭৫ হাজার রুপির বেশি ঋণের ক্ষেত্রে ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আগের দফার এই ঋণমওকুফের সুবিধা পেয়েছেন ১৪ লাখ ৪৪ হাজারের বেশি কৃষক। নতুন ঘোষণার ফলে আরও বেশি কৃষক ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমবায় ব্যাংক থেকে নেওয়া কৃষিঋণের ক্ষেত্রে ৭৫ হাজার রুপি পর্যন্ত পুরো অর্থই মওকুফ করা হবে। কোনো কৃষকের ঋণের পরিমাণ ৭৫ হাজার থেকে ১ লাখ রুপির মধ্যে হলে সর্বোচ্চ ৭৫ হাজার রুপি পর্যন্ত ছাড় পাবেন। আর ঋণের পরিমাণ ১ লাখ রুপির বেশি হলে সর্বোচ্চ ৩৫ হাজার রুপি পর্যন্ত মওকুফ দেওয়া হবে।
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে দেওয়া এই ঘোষণা তামিলনাড়ুর কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ঋণের চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য এই সিদ্ধান্ত আর্থিকভাবে বড় স্বস্তি আনতে পারে।
