মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে মরহুম আব্দুল আজিজ মৃধা বাড়িতে অবস্থিত আব্দুল আজিজ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত আজিজ মৃধা হাফিজিয়া, নুরানী ও এতিমখানা মাদ্রাসার ভবনের শুভ উদ্বোধন আগামীকাল সোমবার সকালেই অনুষ্ঠিত হবে।
ভবন উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সঙ্গে কুশল বিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং মাদ্রাসা ভবনের স্থান পরিদর্শনে উপস্থিত হন পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এ সময় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা ও এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাতাদের সাধুবাদ জানান।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব বলেন,
“আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই এবং ভবিষ্যতেও থাকব না। তবে যেকোনো রাজনৈতিক ব্যক্তি যদি আমাদের সঙ্গে কুশল বিনিময় করতে আসেন, আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং যথাযথ সম্মান প্রদর্শন করব। আজ পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই আমাদের মাদ্রাসা ভবনের স্থান পরিদর্শন ও আমাদের সাথে কুশল বিনিময় করেন এসেছেন। ব্যক্তি হিসেবে তিনি একজন ভালো মানুষ। আমি তার জন্য দোয়া করি—আল্লাহ তায়ালা যেন তার মনের আশা পূরণ করেন।”
এ সময় বক্তব্য রাখতে গিয়ে হাসান মামুন বলেন,
“এই প্রতিষ্ঠানের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা প্রবাসে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জন করেন এবং সেই উপার্জনের অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অথচ আমরা দেখি, অনেকেই দেশের অর্থ বিদেশে পাচার করে। কিন্তু এই প্রবাসী ভাইয়েরা কষ্টার্জিত অর্থ দেশে এনে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন—তাঁরাই আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক, মালয়েশিয়া প্রবাসী আউয়াল মৃধা, এছাড়াও হাসান মামুনের সঙ্গে আগত রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
উল্লেখ্য, ধর্মীয় শিক্ষা বিস্তার ও এতিম শিশুদের কল্যাণে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি স্থানীয় এলাকায় ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
