BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

উত্তেজনার মধ্যে তেল উৎপাদন কমানোর ঘোষণা কুয়েতের

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে জ্বালানি বাজারে সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে কুয়েত। নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটি অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

রোববার (৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলকভাবে তেল উৎপাদন কমানো হচ্ছে। জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে একই সময়ে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করছে। শহরের বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো মূলত আকাশেই হামলা প্রতিহত করার সময় প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণ।

সামরিক বাহিনী আরও জানায়, কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের ড্রোনের একটি ঢেউ প্রতিহত করা হয়েছে।

একই সঙ্গে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংস্থাটি এই হামলাকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে জ্বালানি খাতে পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কুয়েতের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটি বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক।
এদিকে কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »