BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বাংলাদেশ এমন দেশ হবে যেখানে নারীরা নিরাপদে থাকবেন: ডা. জুবাইদা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন একটি দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে বসবাস করবেন।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অদম্য মনোবলই নারীদের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, নারী দিবসে আমাদের সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করতে হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করে তিনি বলেন, শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল। তার জীবনসংগ্রাম নারী সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।

এ ছাড়া বিশেষ সম্মাননা হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়াকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »