BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

গাজীপুরে রহস্যময় হ্যান্ডবিল, মব ভায়োলেন্সের আশঙ্কা

গাজীপুরের বিভিন্ন অলিগলি, দোকানপাট ও সাধারণ মানুষের হাতে হঠাৎ একটি হ্যান্ডবিল দেখা গেছে। এই হ্যান্ডবিলকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষের আশঙ্কা, এই ধরণের প্রচারণার ফলে যেকোনো সময় বড় কোনো গণসহিংসতা বা মব ভায়োলেন্সের ঘটনা ঘটতে পারে।

অনুসন্ধানে জানা গেছে, ওই হ্যান্ডবিলের দুই পাশে দুটি ভিন্ন বিষয় ছাপা হয়েছে। একপাশে ‘সম্মিলিত ওলামা পরিষদ, গাজীপুর’ এর ব্যানারে একটি অনুষ্ঠানের প্রচারপত্র রয়েছে। সেখানে প্রধান ও বিশেষ অতিথিদের নাম দেওয়া হয়েছে। তবে বিতর্কের মূল কারণ হলো হ্যান্ডবিলের অন্য পাশটি। সেখানে ‘হেযবুত তওহীদের ভ্রান্ত মতবাদ’ শিরোনামে ২০টি পয়েন্টে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। হ্যান্ডবিলে এমন কিছু স্পর্শকাতর ধর্মীয় বিষয় লেখা হয়েছে, যা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলতে পারে।

গাজীপুর চৌরাস্তা ও আশপাশের মানুষের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই জানেন না এই হ্যান্ডবিল কারা বা কী উদ্দেশ্যে বিলি করছে। কেউ বলছেন দোকান থেকে পেয়েছেন, আবার কেউ বলছেন কোনো একজন এসে এটি দিয়ে গেছেন। হ্যান্ডবিলের ভাষা পড়ে অনেক মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন, যা সামাজিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি নিয়ে হেযবুত তওহীদের গাজীপুর জেলা সভাপতি আবু রায়হানের সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, হ্যান্ডবিলে তাদের বইয়ের রেফারেন্স দিয়ে যে ২০টি পয়েন্ট লেখা হয়েছে তার কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ মিথ্যাচার এবং তাদের বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, হ্যান্ডবিলে যেসব কথা বলা হয়েছে তা তাদের কোনো বইয়ে নেই। এটি মূলত একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে সাধারণ মানুষকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা।

অন্যদিকে হ্যান্ডবিলে উল্লেখিত অনুষ্ঠানের সঞ্চালক মাওলানা মোখলেসুর রহমান দাবি করেন, তাদের কাছে পর্যাপ্ত তথ্য ও বই রয়েছে। তিনি জানান, তারা জেনেশুনেই এসব তথ্য প্রচার করছেন এবং প্রয়োজনে তারা তাদের সাথে আলোচনায় বসতে রাজি আছেন।

ইতিমধ্যে এই হ্যান্ডবিল বিতরণের জেরে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় হেযবুত তওহীদের এক কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত এই অপপ্রচার বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

হ্যান্ডবিলে প্রধান অতিথি হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের নাম থাকলেও হেযবুত তওহীদের দাবি হলো, প্রশাসক এই অপপ্রচারের বিষয়টি জানেন না। এই বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হ্যান্ডবিল বিতরণের বিষয়টি সম্পর্কে তারা এখনো বিস্তারিত কিছু জানেন না।

ধর্মীয় সংঘাত এড়াতে এবং সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ নাগরিকরা। এই ধরণের ঘটনার ফলে যেন সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকা প্রয়োজন বলে তারা মনে করেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -