ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে। সে দশম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। সকালে স্বজনদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে সে। ভালো সাঁতার না জানায় হঠাৎ জোয়ারের স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই।
ঘটনার পর আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ওই কিশোরীকে পাওয়া যায়নি।
