BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অন্ধ মায়ের হাত ধরে ছুটির দিনে ভিক্ষায় নামে নীরব!

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয় বন্ধ থাকলেই অন্ধ মায়ের হাত ধরে বাজারে ভিক্ষা করতে নামে দ্বিতীয় শ্রেণির ছাত্র নীরব। শুক্র ও শনিবার মানুষের কাছে হাত পেতে যে টাকা পায়, তা দিয়েই কোনোভাবে চলে তাদের সংসার। সেই অর্থের একটি অংশ খরচ হয় নীরবের পড়াশোনার খাতা-কলম কিনতেও।

জন্মের পরই নীরব ও তার ভাইকে ছেড়ে চলে যান বাবা। জন্মান্ধ মা শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে আশ্রয় নেন নিজের বাবার বাড়িতে। সংসারে অভাব-অনটন নিত্যসঙ্গী হলেও লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখে নীরব। কিন্তু দারিদ্র্য সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নীরবের মা শিউলি আক্তার নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৭ সালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের লালন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তান জন্মের পর স্বামী তাদের খোঁজ নেওয়া বন্ধ করে দেন। এরপর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই আশ্রয় নেন শিউলি।

নীরবের ছোট ভাই রাব্বি মিয়াও নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। মায়ের পক্ষে দুই সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। তাই সপ্তাহের পাঁচদিন স্কুলে গেলেও শুক্র ও শনিবার মায়ের সঙ্গে নান্দাইল বাজারে ভিক্ষা করে নীরব।

নীরবের ভাষায়, স্কুলে পড়াশোনার খরচ লাগে, কিন্তু তাদের কেউ টাকা দেয় না। তাই স্কুল বন্ধের দিনগুলোতে মায়ের হাত ধরে বাজারে ভিক্ষা করতে হয়। বাবাও তাদের দেখেন না।

শিউলি আক্তার জানান, তিন মাস পরপর প্রতিবন্ধী ভাতার কিছু টাকা পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হয় না। দুই সন্তান স্কুলে গেলে বিভিন্ন জিনিস কেনার প্রয়োজন হয়। এ কারণেই বড় ছেলেকে সঙ্গে নিয়ে তাকে ভিক্ষায় বের হতে হয়।

নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি আক্তার জানান, নীরব ও তার ছোট ভাই একই বিদ্যালয়ে পড়াশোনা করে। বিদ্যালয় বন্ধ থাকলে নীরব মায়ের সঙ্গে ভিক্ষা করতে যায়। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের খাতা-কলম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, অসহায় পরিবারটিকে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে। তাদের জন্য নিয়মিত আয়ের সুযোগ তৈরি করা যায় কি না, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নীরবের চোখে রয়েছে পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার স্বপ্ন। এখন সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরিবারটির পাশে কী ধরনের সহায়তা পৌঁছায়, সেটিই দেখার বিষয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »