BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আফগান শিক্ষার্থীদের মেডিক্যাল পড়াশোনা বন্ধ করল পাকিস্তান!

পাকিস্তানে মেডিক্যাল ও ডেন্টাল বিষয়ে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের পড়াশোনা স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ফলে পাকিস্তানে মেডিক্যাল ও ডেন্টাল ডিগ্রি অর্জনে থাকা আফগান শিক্ষার্থীরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন।

আফগানিস্তানভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, পিএমডিসির জারি করা একটি সরকারি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠি অনুযায়ী, পাকিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে।

পিএমডিসির নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের কোনো মেডিক্যাল বা ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি করা যাবে না। একই সঙ্গে বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য মেডিক্যাল বা ডেন্টাল প্রতিষ্ঠানে স্থানান্তর বা মাইগ্রেশনও নিষিদ্ধ করা হয়েছে।

পিএমডিসি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত নির্দেশনা এবং ২০২৬ সালের ৩০ জুলাই কাউন্সিলের নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চিঠিতে বিষয়টিকে জাতীয় নীতির সঙ্গে সম্পর্কিত একটি ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের সব মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনাটি কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের জন্য সীমাবদ্ধ নয়। পাকিস্তানের সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল ও ডেন্টাল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এটি কার্যকর হবে।

তবে যেসব আফগান শিক্ষার্থী ইতোমধ্যে তাদের মেডিক্যাল বা ডেন্টাল শিক্ষা সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে ডিগ্রি বা স্নাতক সম্পন্নের বিষয়টি যথাযথভাবে নথিভুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি তারা পাকিস্তান ছেড়ে গেছেন কি না, সেটিও নিশ্চিত করে রেকর্ড রাখতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

এ ছাড়া পাকিস্তানের মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য তিন দিনের মধ্যে পিএমডিসির কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দেওয়া, নির্দেশনা অমান্য করা কিংবা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

পিএমডিসি জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের ব্যর্থতা হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

নতুন নির্দেশনার ফলে পাকিস্তানে মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষায় থাকা আফগান শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে থেকে পড়াশোনা করছেন, তাদের শিক্ষা কার্যক্রম কীভাবে এবং কোথায় শেষ হবে—তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -