BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতা পদ থেকে অব্যাহতি

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।

অভিযোগ ওঠা ওই নেতার নাম ইনামুল মোল্লা (২৬)। তিনি বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ইনামুল মোল্লা পৌরসভার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে চাকরি করেন।

দলীয় ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। ওই নারীর স্বামী বর্তমানে প্রবাসে রয়েছেন। সম্প্রতি তাদের কথিত সম্পর্কের বিষয়টি দুই পরিবারসহ স্থানীয় বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দুটিই বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ইনামুল মোল্লার কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগের কথা জানান। ইনামুল যেহেতু ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, সে কারণে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, তা জানতে চেয়েছিলেন তিনি। তবে রেজাউল করিম জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইনামুলকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

সৈয়দ সাজ্জাদ আলী আরও বলেন, কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। তদন্তের পর অভিযোগের সত্যতা অনুযায়ী সাংগঠনিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »