BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জ্বালানি সংকট কাটাতে অন্তত ২ বছর লাগতে পারে: উপদেষ্টা জাহেদ

দেশের চলমান জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, দীর্ঘদিনের ঘাটতি ও পুঞ্জীভূত সমস্যার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি করে জ্বালানির ক্ষেত্রে ভালো অবস্থানে যেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের মানুষ বর্তমানে জ্বালানি সংকটের কারণে যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের দুর্ভোগের বিষয়টি সরকার স্বীকার করছে। তবে এই সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা ঠিক হবে না। দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ঘাটতি ও অব্যবস্থাপনার প্রভাবই এখন প্রকট হয়ে দেখা দিয়েছে।

দেশে বর্তমানে গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি রয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক দুর্ঘটনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুর্ঘটনার কারণে বন্ধ থাকা দুটি প্ল্যান্ট চালু হলেও গ্যাসের এই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না। কারণ এটি স্বল্পমেয়াদি সমস্যা নয়, বরং বছরের পর বছর ধরে ঘাটতি জমতে জমতে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দ্রুত পরিস্থিতি সামাল দিতে গ্যাসিফিকেশন প্ল্যান্টের দুর্ঘটনার পর একটি প্ল্যান্টের অর্ডার দেওয়া হয়েছে। ব্যাকআপ হিসেবে আরও দুটি প্ল্যান্ট আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব ব্যবস্থা কার্যকর করতেও কিছুটা সময় প্রয়োজন হবে।

জ্বালানি সরবরাহ বাড়াতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোলায় থাকা গ্যাস মূল ভূখণ্ডে আনার সম্ভাবনা নিয়েও কাজ চলছে। সংকট মোকাবিলায় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি মধ্যমেয়াদে দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কাজও শুরু হয়েছে।

দেশের স্থলভাগে বড় পরিমাণ গ্যাসের সম্ভাবনা রয়েছে বলেও জানান ডা. জাহেদ। সরকারের তথ্য ও বিভিন্ন জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দেশের স্থলভাগে প্রায় ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা রয়েছে। অথচ বর্তমানে দেশে বছরে প্রায় ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এতদিন স্থলভাগে সম্ভাব্য গ্যাসের মজুত অনুসন্ধানে তেমন গুরুত্ব দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। এখন সেই অনুসন্ধান জোরদার করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে নতুন করে দুটি রিগ কেনা হয়েছে এবং বিদ্যমান রিগগুলোও সক্রিয় রাখার চেষ্টা চলছে। পাশাপাশি কয়লার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে তাৎক্ষণিকভাবে সময় লাগবে।

জ্বালানি সংকট পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, অর্থমন্ত্রী এ বিষয়ে একটি মোটামুটি সময়সীমা দিয়েছেন। জ্বালানির ক্ষেত্রে ভালো বা অনেকটা ভালো অবস্থানে যেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যেকোনো সময় আরও বড় আকার ধারণ করতে পারে। হরমুজ প্রণালির পাশাপাশি অতীতে হুতিদের সঙ্গে সংঘাতের সময় বাব-এল-মান্দেব প্রণালিতেও জ্বালানি পরিবহনে সংকট তৈরি হয়েছিল। এসব পরিস্থিতি একসঙ্গে জটিল হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সরকার দুই বছরের মধ্যে সব সমস্যা পুরোপুরি সমাধান করে ফেলার দাবি করছে না বলেও স্পষ্ট করেন তিনি। তবে এই সময়ের মধ্যে মানুষের জীবনযাত্রা যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা করা হচ্ছে। দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলোর মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারি প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

বর্তমান জ্বালানি সংকটকে দীর্ঘদিনের সমস্যার ফল হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, অতীতে তৈরি হওয়া অনেক সমস্যার প্রভাব পরবর্তী সরকারের ওপর এসে পড়ে। জ্বালানি খাতের বর্তমান সংকটও দীর্ঘদিনের ঘাটতি ও সমস্যার ধারাবাহিক ফল। এখন সেই সংকট কাটাতে সরকারকে ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করতে হচ্ছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -