ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় কোলা ইউনিয়নের বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে (৩৫) বিদ্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) ওই শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক শাহ আলম তার হাতে ‘ওয়াশরুমে আসো’ লিখে দেন। পরে শিক্ষার্থী ওয়াশরুমে গেলে শিক্ষক তাকে বিভিন্নভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর ওই শিক্ষার্থী দৌড়ে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। সেখানে কান্নাকাটি করে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপর ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে স্থানীয় গ্রামবাসী তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাকে বিদ্যালয়ের ভেতরেই আটকে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগতভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগটি তদন্তের পর ঘটনার প্রকৃত বিষয় এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
