গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক কামারজানী ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কামারজানী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি), কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ, বিদ্যালয়ের মাঠ, টিআর কর্মসূচির আওতায় মসজিদ উন্নয়ন এবং ঈদগাহ মাঠের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দীন শাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের উপাধ্যক্ষ মো. আসাদ মামুন দিপু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মাহাবুর রহমান, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. রফিকুল ইসলাম আউয়ালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে কামারজানী ও মোল্লারচর ইউনিয়ন দুটি বন্যা ও নদীভাঙনপ্রবণ এলাকা। এসব এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনকেন্দ্রিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় চলমান প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকল্প কমিটিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি উচ্চশিক্ষায় অনগ্রসর জনগোষ্ঠীর সুযোগ সৃষ্টিতে সংস্থাটি একটি উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ পরিচালনা করছে। এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে।
