BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কলকাতার আগুনে প্রাণ হারানো আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত!

ভারতের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের দুজনের বাড়িই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। এর মধ্যে একজন কোমরব্যথার চিকিৎসা নিতে কয়েক দিন আগে ভারতে গিয়েছিলেন। বুধবার রাতেই তাদের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহতদের একজন আলিমুজ্জামান সাজু। ৪৫ বছর বয়সী সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুচ সরদারের ছেলে। পেশায় তিনি ঘের ব্যবসায়ী ছিলেন।

সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরব্যথার চিকিৎসা করাতে প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেদিন রাত ১০টার দিকে স্বজনরা জানতে পারেন, কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন।

স্থানীয়দের ভাষ্য, সাজু এলাকায় শান্ত স্বভাবের ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্রায় সাত থেকে আট বছর আগে হজ পালন করে দেশে ফেরার পর তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে অবিবাহিত জীবনযাপন করছিলেন।

সাজুর পারিবারিক জীবনও ছিল নানা শোকের মধ্য দিয়ে। প্রায় এক বছর আগে তার মা মারা যান। এর আগেই মারা গেছেন তার বাবা। চার ভাইয়ের মধ্যে সাজু ছিলেন সবার ছোট। তার মেঝো ভাই রাজু সরদারও মারা গেছেন। বর্তমানে বড় ভাই সাহেব সরদার ও সেঝো ভাই উজ্জ্বল সরদার জীবিত রয়েছেন।

সাজুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম চলছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর জীবিত অবস্থায় দেশে ফিরতে না পারায় পরিবারটির ওপর নেমে এসেছে আরও এক বেদনাদায়ক অধ্যায়।

অগ্নিকাণ্ডে নিহত অপর বাংলাদেশির নাম রেবতী সরকার। তিনিও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তার পারিবারিক পরিচয় ও ভারতে যাওয়ার কারণসহ বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানিয়েছে, কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য পাওয়ার পর পরিচয় নিশ্চিত করা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখন পর্যন্ত সাত বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। হোটেলটিতে প্রায় ২৫ জন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »