নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—আলআমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। সন্ধ্যায় তাদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই চার শিশুর মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একসঙ্গে চার শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
