BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এমন কাজ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে আর কেউ করতে পারেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তার দাবি, বর্তমান নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘১১ মাসে আমরা প্রমাণ করেছি, কীভাবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হয়। শিক্ষার্থীরাই বলে, আমরা গত ১১ মাসে ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে সে কাজ কেউ করতে পারেনি।’

বর্তমান ডাকসু নেতৃত্বের সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। একাধিক জরিপের তথ্য তুলে ধরে সাদিক কায়েম বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।

তার মতে, বিশ্ববিদ্যালয় শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়; এর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তা ও প্রশ্ন করার সুযোগ তৈরি করা। একই সঙ্গে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য উপযুক্ত একাডেমিক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বর্তমান ডাকসু নেতৃত্ব সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

দেশের তরুণ প্রজন্মকে যথাযথ মূল্যায়ন ও সুযোগ না দেওয়ার বিষয়েও কথা বলেন ডাকসুর ভিপি। তিনি বলেন, গত ৫৫ বছরে দেশের নেতৃত্বে থাকা ব্যক্তিরা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নিয়ে যেভাবে ভাবা এবং তাদের যেভাবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে পারেননি।

সাদিক কায়েমের ভাষ্য, দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণেই দেশ একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তাই দেশে তাদের মেধার যথাযথ বিকাশ এবং সেই মেধাকে দেশের কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -