পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা নিয়ে “Higher Studies and Research in Germany” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ESDM) ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী রাফিন আফসারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণা যেকোনো দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি।”
তিনি বলেন, পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
জার্মানিকে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি ও গবেষণা সুবিধার জন্য সুপরিচিত। বিশেষ করে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি না থাকায় মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনারে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (DAAD) রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রায় ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
