বিহারের রাজধানী পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়া চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে ব্যারিকেড সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) গান্ধী ময়দান থেকে মিছিলটি শুরু করেন বিহার লোকসেবা কমিশনের (বিপিএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি ডাকবাংলো মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে একদল আন্দোলনকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করা হয়।
মিছিলকারীদের অনেকের হাতেই জাতীয় পতাকা ছিল। পুলিশি বাধার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
চাকরিপ্রার্থীরা কয়েক সপ্তাহ ধরে পাটনার গর্দানিবাগ এলাকায় আন্দোলন করে আসছেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে একস্তরের পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিহার কর্মী নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা।
এ ছাড়া হিন্দি মাধ্যমে পড়াশোনা করা প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে অনিয়ম ও অস্পষ্টতার কারণে অনেক প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিহার লোকসেবা কমিশনের ৭০তম পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। প্রয়োজন হলে ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল ঠেকাতে পুলিশের বাধা ও জলকামান ব্যবহারের ঘটনায় পাটনায় দিনভর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
