BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর!

দেশের কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, পরিবেশবান্ধব উৎপাদন, নিরাপদ কাঁচামালের ব্যবহার এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা গেলে এ খাত ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে ‘কসমেটিকা ঢাকা’র তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পে সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের সুরক্ষা, মানসম্মত ও নিরাপদ কাঁচামালের ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এসব বিষয় নিশ্চিত করা গেলে দেশের এই শিল্প শুধু অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করবে।

তিনি বলেন, কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পের সম্প্রসারণের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ বাড়লে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথও তৈরি হবে। এর ফলে এ খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শামা ওবায়েদ দেশীয় সার্টিফায়েড হারবাল উপাদানের একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তার মতে, বাংলাদেশে প্রাকৃতিক ও হারবাল উপাদানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদন করা সম্ভব। এ জন্য কাঁচামালের মান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কসমেটিকস পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানসম্পন্ন উৎপাদন, গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের চাহিদা, নিরাপত্তা মান ও ভোক্তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য তৈরি করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রসাধনী ব্র্যান্ড, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ১৬টি দেশের প্রসাধনী ব্র্যান্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে কসমেটিকস, স্কিন কেয়ার, ব্যক্তিগত পরিচর্যা ও সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশের কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্পের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা নেওয়া এবং নতুন প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »