BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নির্বাচনে জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প লভ্যাংশ’ নামে এই অর্থ দেওয়ার প্রস্তাব সামনে এনেছেন তিনি। তবে অর্থ দেওয়ার প্রক্রিয়া কী হবে এবং এর জন্য কী ধরনের আইনি ব্যবস্থা প্রয়োজন হবে, তা এখনো স্পষ্ট নয়।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর প্রকাশিত মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প এই প্রস্তাব তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। প্রত্যেককে ৫ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার। এত বিপুল অর্থ কীভাবে দেওয়া হবে, অর্থের উৎস কী হবে এবং পরিকল্পনাটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন বা অন্য কোনো আইনি প্রক্রিয়া প্রয়োজন হবে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রাইমটাইম ভাষণে ট্রাম্প তার প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছরকে ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুই বছর’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নিজের জনপ্রিয়তা নিয়ে নানা আলোচনা থাকলেও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় নিজেকে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখার চেষ্টা করেন তিনি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ হাজার ডলারের এই ঘোষণার মাধ্যমে ভোটারদের কতটা আকৃষ্ট করা সম্ভব হবে, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে।

ভাষণে ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, আমেরিকার ভবিষ্যৎ তাদের হাতে ছেড়ে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে পরবর্তী এক দশক সময় লেগে যেতে পারে।

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের এই ‘ট্রাম্প লভ্যাংশ’ প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে ঘোষণা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হবে এবং শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্ক নাগরিকরা আদৌ এই অর্থ পাবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: মিডল ইস্ট আই

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »