কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন, "সকালে গোলাম রব্বানী বাড়িতে রাখা অটোরিকশার ব্যাটারি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ ইসলাম বলেন, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেননি। পরে দুপুরের দিকে অটোরিকশা রাখার ঘরে গিয়ে তারা গোলাম রব্বানীর মরদেহ দেখতে পান। এরপর প্রতিবেশীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
