কর্মীদের চমকে দিতে অফিসের প্রত্যেক সদস্যের হাতে আইফোন তুলে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। কেরালার এই নারী উদ্যোক্তা ও তার স্বামী মিলে কর্মীদের জন্য এমন চমকপ্রদ উপহারের আয়োজন করেন। উপহার দেওয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অফিসের একটি টেবিলের ওপর সারি করে রাখা হয়েছে উপহারের বাক্স। এরপর একে একে কর্মীরা এসে নিজেদের পছন্দমতো একটি করে বাক্স বেছে নেন। বাক্স খোলার পর কারও হাতে আসে চকলেট, আবার কেউ পান কাঙ্ক্ষিত আইফোন।
প্রথমে যাদের বাক্সে শুধু চকলেট পাওয়া যায়, তারা কিছুটা হতাশ হয়ে পড়েন। তবে পরে তাদেরও আইফোন উপহার দেওয়া হয়। এমন চমকপ্রদ উপহার পেয়ে কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

কর্মীদের উদ্দেশে হাসিনা নিশাদ বলেন, প্রতিষ্ঠানের মূল শক্তি হলো দলের প্রত্যেক সদস্যের পরিশ্রম, একতা ও পারস্পরিক সহযোগিতা। সবাইকে একে অপরের পাশে থেকে একইভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন তিনি।
ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া পড়ে। এরই মধ্যে ভিডিওটি প্রায় ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন বলে জানা গেছে। কমেন্টে অনেকেই উদ্যোক্তা দম্পতির এমন উদ্যোগের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে জানতে চেয়েছেন, এই প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে কি না।
সূত্র: এনডিটিভি
