BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন!

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকেরা।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে অতিথিদের ফোন করে অনুষ্ঠানে না আসার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে প্যান্ডেলও গুটিয়ে নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে গোদাগাড়ীসহ আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মাহফিলের প্রচার চালানো হচ্ছিল। অনুষ্ঠান সফল করতে বড় প্যান্ডেল তৈরির কাজও চলছিল।

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল। স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহকেও অতিথি করা হয়। আর প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সংসদ সদস্য মুফতি আমির হামজাকে। তিনি মাহফিলে উপস্থিত থাকার সম্মতিও দিয়েছিলেন।

আয়োজকেরা জানান, মাহফিলের অনুমতি চেয়ে গত ১৩ অক্টোবর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর আবেদন করা হয়। শনিবার সকালে অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করতে গেলে তিনি জানান, পুলিশের প্রতিবেদন না পাওয়ায় অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। পরে অতিথিদের অনুষ্ঠান বাতিলের বিষয়টি জানিয়ে প্যান্ডেল খুলে নেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও ইসরাত জাহান বলেন, অনেক মানুষের সমাগম হয়—এমন অনুষ্ঠানের অনুমতি দিতে পুলিশের ছাড়পত্র প্রয়োজন। এ জন্য পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

অন্যদিকে, মাহফিলের বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ রোববার দুপুরে জানান, বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »