আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ আলভী (৩০), মো. মামুন (৩৪) এবং জহিরুল (২৭)। সৈয়দ আলভী সাভারের আশুলিয়া থানার আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ ও ওয়াহিদার ছেলে; মো. মামুন একই থানার উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদার ও সালমা বেগমের ছেলে; এবং জহিরুল পটুয়াখালী জেলার বাউফল থানার নওমালা গ্রামের শহিদুল ও ফাতেমা বেগম ওরফে মিনারার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকার জাহানারা বেগমের মালিকাধীন একটি অটো গ্যারেজের ভেতরে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে।
এই তথ্যের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবির আভিযানিক দল গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে ‘TTA’ এবং ‘ALY’ খোদাই করা এবং কোণাকোণি দৈর্ঘ্য ৭ ইঞ্চি) এবং এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সৈয়দ আলভীর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, মো. মামুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা ও তিনটি অন্যান্য ধারাসহ মোট পাঁচটি মামলা এবং জহিরুলের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি চুরির মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আজ সোমবার (১৯ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
